প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সফরের প্রস্তুতি সম্পর্কে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই, যথাসময়েই এই সফর হবে। সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে এখনো ইতিবাচক আলোচনা চলছে। এই সফর নিয়ে দুই দেশই অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী।
এদিকে, আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে, সেগুলোকে সমর্থন করেননি ভারতীয় হাইকমিশনার। তিনি স্পষ্ট করেন যে, দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও যথাযথ সময়েই এই সফরটি অনুষ্ঠিত হবে।