সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারত- মায়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় আসাম রাইফেলসের একটি দলের উপর হামলায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৬টায় অরুণাচল প্রদেশের চাংলাং জেলার ন্যামপং নালার কাছে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ জওয়ান। নিহত জওয়ানের নাম হাবিলদার জানখোকাই কুকি (৪২)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকার কাছে টহল দিচ্ছিলেন ২১ নং আসাম রাইফেলসের জওয়ানরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। হামলার পিছনে এনএসসিএনকেওয়াইএ-র (ইয়ং অং গোষ্ঠী ) ক্যাডারদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
তবে হামলাকারীদের পরিচয় বা হামলার সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খুঁজে বের করার পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ভারত- মায়ানমার সীমান্তে বর্তমানে বেড়া নির্মাণের কাজ চলার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। সীমান্ত নজরদারি ও নিরাপত্তা বাড়াতে ওই এলাকায় ইতিমধ্যেই অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে। ঘটনার স্থান ও হামলার ধরন নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..