হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা এড়িয়ে কুয়েত বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ ধরা পড়েছেন এক বাংলাদেশি প্রবাসী। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫ এ তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, আটক ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন (আইস) এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাঁকে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উদ্বেগ প্রকাশ প্রবাসীদের:
কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করায় দেশটির বিমানবন্দরসহ সব প্রবেশপথে নিরাপত্তা ও তল্লাশি জোরদার রয়েছে। এর আগেও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ঢাকা থেকে যাওয়া বিমানে এত বড় মাদকের চালান কীভাবে শাহজালাল বিমানবন্দরের কড়া স্ক্যানিং ও নিরাপত্তা বেষ্টনী পার হলো—তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রবাসী সুমন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে এত বড় চালানের দেশের বাইরে চলে যাওয়া অত্যন্ত উদ্বেগের। এ ঘটনায় কোনো অসাধু চক্র বা কর্মকর্তা জড়িত আছে কি না, তা দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’