মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা ভুলত্রুটি সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, পরীক্ষকদের কোনো প্রকার গাফিলতির কারণে যদি কোনো শিক্ষার্থীর ফলাফল ক্ষতিগ্রস্ত হয়, তবে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে বরখাস্ত, এমপিও বাতিল বা স্থায়ী কালোতালিকাভুক্তকরণসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে মন্ত্রণালয় 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।
অনেক সময় দেখা যায় পরীক্ষকদের অযত্ন বা অবহেলার কারণে সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর যোগে ভুল হয়, যা পরবর্তীতে পুনঃনিরীক্ষণে ধরা পড়ে। এ ধরনের ভুলের জন্য কোনো অজুহাত গ্রহণ করা হবে না।
প্রধান পরীক্ষক এবং অন নিরীক্ষকদের (Scrutinizer) দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে প্রতিটি উত্তরপত্র যথাযথ নিয়মে পুনর্মূল্যায়িত হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পুনর্নিরীক্ষণ বা খাতা পুনর্মূল্যায়নের আবেদনগুলোতে যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য শিক্ষার্থীরা যেন তাদের প্রাপ্য নম্বর পায়, সে লক্ষ্যে শিক্ষা প্রশাসন দায়ীদের চিহ্নিত করে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করবে।