×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৮৮ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

জেলা প্রতিনিধি শরীয়তপুর 


ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুরের গুরুত্বপূর্ণ হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ে আটকে পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিট থেকে শরীয়তপুর–চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন,

“শুক্রবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় মাঝনদীতে কোনো ফেরিকে নোঙর করতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”

ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুর প্রান্তের ফেরিঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনকারী চালকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। অনেক যাত্রী রাতভর ফেরিঘাট এলাকায় অপেক্ষা করছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat