নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে কিশোরগঞ্জ - ১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাজারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে শহরে এ মিছিল বের করা হয়।
মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মিছিলের নেতৃত্ব দেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি সংসদ সদস্য মাসুদ হেলালী, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং সহসভাপতি শরিফুল ইসলাম এডভোকেটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দ্রুত মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান। নেতারা বলেন, তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটলেই দল আরও শক্তিশালী হবে।