জন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তারপরই বিধ্বংসী আগুন। ঘটনায় পূড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রে প্রকাশ, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবে বির্চ। শনিবার (৬ ডিসেম্বর ) রাতে সেখানে পার্টি চলছিল। রাত ১টায় আচমকা সেখানে আগুন লেগে যায়। তারপরেই আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। পর্যটক, সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের সেখান থেকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ক্লাবের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকান্ড। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা বেশি থাকার ফলে তা নেভাতে দীর্ঘক্ষণ সময় লাগে। রবিবার (৭ ডিসেম্বর ) ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, " গোয়ার আরপোরায় অগ্নিকান্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।