মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি। প্রার্থী ঘোষণা না করা ৬৩টি আসনের মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনও ছিল। এর পর থেকে এই আসনে ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত ৩৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলুর নাম ঘোষণা করা হয়।
নওগাঁ-৫ আসনের নির্বাচনী এলাকা হল নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। জাহিদুল ইসলাম ধলু ২০১৮ সালে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। নওগাঁ জেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্থানীয় বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আওয়ামী শাসনামলে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন বিএনপির এই নেতা। হামলা-মামলাসহ বিভিন্ন সময় নির্যাতনের শিকারও হন তিনি। ত্যাগী এই নেতাকে মনোনয়ন দেওয়ায় চাঙা হয়ে উঠেছে নওগাঁ-৫ আসনের বিএনপির নেতাকর্মীরা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির মনোনয়ন বোর্ডের নেতাদের প্রতি। আমি দীর্ঘ সময় ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে রাজনীতি করে যাচ্ছি। আসন্ন নির্বাচনে দলের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষকে জয়ী করব ইনশাআল্লাহ।
এ জাতীয় আরো খবর..