×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় এসব দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে বিশেষ তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বা বাংলাদেশ সময় বুধবার রাতে এই তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়তে পারে।

শুল্ক নির্ধারণের সম্ভাব্য রূপরেখা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। সূত্রগুলো জানিয়েছে, নতুন শুল্কের হার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হতে পারে, তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা নির্ধারিত রয়েছে। চীনের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা থাকলেও আগামী ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ শেষ হলে তা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে, যা আগে আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে। বিকল্প হিসেবে কম হারে শুল্ক আরোপ করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা না কমালে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তও দেওয়া হতে পারে।

তদন্তের আওতাধীন দেশ ও প্রেক্ষাপট

অতিরিক্ত উৎপাদন সক্ষমতার তদন্তে থাকা দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। সেগুলোর আংশিক বিকল্প ও পুনর্বহালের অংশ হিসেবেই নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শুল্কনীতির প্রভাবে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে; নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স-ইপসোস জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের পক্ষে মত দিয়েছেন।

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া প্রসঙ্গ

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বড় দায়ী মনে করছে ওয়াশিংটন। ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, সৌরবিদ্যুৎ পণ্য ও গৃহস্থালি যন্ত্রপাতির মাধ্যমে চীন বিশ্ববাজারে অতিরিক্ত পণ্য সরবরাহ করছে বলে অভিযোগ করা হলেও বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা প্রতিষ্ঠানের কারখানা স্থাপন করে মার্কিন শুল্ক এড়ানোর প্রচেষ্টাও এ তদন্তের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat