ভারতের সংসদে পেশ করা এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে নেওয়া এবং দেশটির ঐতিহ্য ও পরম্পরাকে বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর বিবিসির।
কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এ সংক্রান্ত একটি রিপোর্ট ভারতের সংসদে পেশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদীয় কমিটি লক্ষ্য করেছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। গুরুতর দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য ভারতের রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।