বিএম সজিব, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরের ফেলিরচর আজিজ হাওলাদার কান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল মোল্যাসহ সাতজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সখিপুর থানাধীন দক্ষিণ চরকুমারিয়া ইউনিয়নের আজিজ হাওলাদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা ১৫টি মেহগনি, একটি বাদাম, দুটি কড়ই ও একটি নারিকেল গাছ জোরপূর্বক কেটে নেওয়া হয়। এতে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ছায়েদ ফকির।
অভিযোগে আরও বলা হয়, গাছ কাটতে বাধা দিতে গেলে ছায়েদ ফকির ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্তরা অসদাচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে ছায়েদ ফকিরকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছায়েদ ফকির সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, "এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ জাতীয় আরো খবর..