ইমরান মাজহারী, গাজীপুর জেলা প্রতিনিধি:
পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গাজীপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও মোটরসাইকেল শোডাউন করেছে মহানগর যুবদল।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রভাবশালী সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর যুবদলের ৯টি থানা ও বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের মাথায় লাল কাপড় বাঁধা অবস্থায় মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নিতে দেখা যায়।
শোডাউনটি বাংলাদেশ কৃষি গবেষণা গেইট থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর শহরের প্রধান সড়ক জোড়পুকুর হয়ে কাজী আজিমউদ্দিন কলেজ রাস্তা হয়ে গাজীপুর জুলাই স্মৃতি স্তম্ভ সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের নেতা মাহমুদ হাসান রাজু বলেন , নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে।
গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করা, শিল্পকারখানায় হামলা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না।
গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
এ জাতীয় আরো খবর..