জনি হোসেন,স্টাফ রিপোর্টার, (নীলফামারী):
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী, দৃষ্টিপ্রতিবন্ধী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং দরিদ্রদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের হলরুমে ৬৬ জন উপকারভোগীর হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী।
এসময় প্রশাসক বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা এবং অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, ৬৬ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ২৯ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..