সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি গাড়ির ধাক্কায় একই পরিবারের ৯ জন নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ শিশু ও রয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। জানা যায়, শনিবার (২১ নভেম্বর ) রাত ২টার দিকে কোটা- উদয়পুর জাতীয় মহাসড়ক এ দুর্ঘটনাটি সংগঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, দুর্ঘটনার শিকার গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যাম জি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৪ জন নারী, ৩ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তাঁদের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল দল গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ জাতীয় আরো খবর..