মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই মিলকে লাভজনক ও টেকসই করতে হলে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক ও মিলের স্বার্থ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
উৎসবমুখর পরিবেশে কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন তিনি।
এবারের লক্ষ্যমাত্রা:
চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়েছে মিল কর্তৃপক্ষ।
এমপি মিলন বলেন, “এই চিনিকলের সঙ্গে হাজারো কৃষক, শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে এই মিল উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছে। তাই মিলের উন্নয়নের পাশাপাশি সবার স্বার্থ রক্ষা করতে হবে।”
রাজনৈতিক বক্তব্যে যা বললেন:
প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে কাঁটাতারের বেড়া পার হয়ে বিমানে দেশত্যাগ করেছেন। এখন তাঁরা দেশে আসতে ভয় পান, তাই দূর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হুমকি-ধমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, “বিগত সরকার দেশে খুন, গুম ও লুটপাট চালিয়েছিল। পুরো দেশকে তারা ‘আয়নাঘর’-এর মতো ভীতিকর পরিবেশে পরিণত করেছিল। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করেছে।”

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার সবার ঘটনার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে নিজেদের উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।”
আসন্ন ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং বিজয় উদযাপনের আহ্বান জানান তিনি।
আখচাষির তথ্য:
মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই শুরু হয়েছে।
যারা উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।
এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে মিলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষিরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..