আইন ও বিচার প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়ার পর আর ফিরে না আসা ২৮০ জনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান।
সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন 'মায়ের ডাক'-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আরও ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।
এ সময় তিনি কয়েকটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন:
ঘটনার সত্যতা উদঘাটন: গুমের শিকার ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করা।
জবাবদিহি নিশ্চিতকরণ: এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
ন্যায়বিচার: দীর্ঘদিন ধরে বিচারে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তদন্ত দ্রুত শেষ করা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা।