মাগুরা প্রতিনিধি:
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের স্বাভাবিক কার্যক্রম চলাকালে সন্দেহজনক বস্তুটি দেখতে পান শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা যায়, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো অবস্থায় বস্তুটি ফেলে রাখা হয়েছিল। শ্রেণিকক্ষে পাঠদান ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি চলাকালেই এমন বস্তু দেখতে পাওয়ায় ক্যাম্পাসে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মিষ্টির প্যাকেটে লাল টেপ মোড়ানো বস্তুটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই। কলেজে সার্বিক পরিবেশ শান্ত ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ক্যাম্পাসের ভেতর এমন বস্তু উদ্ধার হওয়া নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি জানানো হয়।’’
কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ জানান, কলেজে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বড় কোনো ঝামেলা তৈরি হয়নি।
খবর পেয়ে মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি হেফাজতে নেন। তিনি জানান, একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটির সঠিক প্রকৃতি শনাক্ত এবং এর পেছনে কারো কোনো নাশকতামূলক উদ্দেশ্য আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার ও জড়িতদের দ্রুত চিহ্নিত করার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।