সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের রাজধানী দিল্লিতে আবার বাড়ি ভেঙে পড়ল। এবার ঘটনাস্থল পুরনো দিল্লির চওরি বাজার এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল ৯টা ৫০ মিনিটে গলি সিতারায় মেট্রো স্টেশনের কাছে তিনতলা একটি বাড়ি আচমকাই ভেঙে পড়ে। ২ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আশংকা করা হচ্ছে, ভিতরে বেশ কয়েকজন চাপা পড়ে গিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকলের ৬টি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। কতজন আটকে রয়েছেন তা স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর। জোরকদমে উদ্ধার কাজ চলছে।
স্থানীয়রা ও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে কতজন আটকে রয়েছেন, কোথায় আটকে রয়েছেন, তা চিহ্নিত করার কাজ করছে উদ্ধারকারী দল।
জানা গেছে, চাওরি বাজারের কাছে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি নির্মাণের কাজ চলছিল। বুধবার (৪ নভেম্বর ) চাঁদনি চক এলাকায় ১৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী টাউন হলের একাংশ ভেঙে পড়ে। ২ দিন আগে উত্তর - পূর্ব দিল্লিতে একটি বাড়ির স্ল্যাব ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছিল। সেটির ও নির্মাণ কাজ চলছিল। সেই ঘটনার পর এবার পুরনো দিল্লিতে আরও একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ল।
এ জাতীয় আরো খবর..