নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের পে প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা, শ্রমিক ও সাধারণ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাভাবিক জনজীবন ও কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে এ বিজিবি মোতায়েন সম্পন্ন করা হয়।
বিজিবির প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
মোতায়েনকৃত এসব বিজিবি সদস্য স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে তাঁদের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্র যাতে শান্তিপূর্ণ থাকে, জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা যায় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
তা ছাড়া শ্রমিক, শিল্পকারখানা এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে বিজিবি সম্পূর্ণ পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।