ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজস্ব কক্ষে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামের এক সশস্ত্র উপপরিদর্শক (এসআই)। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ফাঁড়ির কক্ষেই দায়িত্বরত ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। হঠাৎ করেই নিজের কাছে থাকা সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি। পুলিশ প্রশাসনের প্রাথমিক ধারণা, পারিবারিক কোনো কলহ বা মানসিক চাপের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
নিহত উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের সন্তান।
ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে ইতোমধ্যে দুর্ঘটনার সংবাদ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর এই আত্মহত্যার নেপথ্যের প্রকৃত কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।