মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষসহ সাধারণ জনগণ দুর্ভোগে পড়ছেন বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলা বাসদের সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি শমশের আলী মোল্লা, ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক নাজমুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..