সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুর পৌরসভার উদ্যোগে শহরের ইটেরপোল এলাকায় বরিশাল খালের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি খনন কাজের উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান ও বরিশাল খাল খনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মো. জাহান্দার আলী মিয়া।
কর্মসূচিতে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. জেসমিন আকতার বানু, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও মেডিকেল কর্মকর্তা ডা. হরষিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় মাদারীপুরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইটেরপোল এলাকার বরিশাল খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া।
পরিদর্শনকালে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি জরুরি। এডিস মশার প্রজনন বন্ধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা তিন দিনের পানি দ্রুত ফেলে দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..