জয়,রাজশাহী ব্যুরো
রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আসরে বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিবুর রহমান টিংকু। স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটি সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।
হাসিবুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদান এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।
তিনি জানান, বিদেশি খেলোয়াড়, কোচ, অফিসিয়াল ও কর্মকর্তাদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। আবাসস্থল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের সুবিধার্থে সার্বক্ষণিক দুটি মাইক্রোবাস রাখা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী ৪ অক্টোবর কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন ৫ অক্টোবর সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মূল পর্বের খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিজু উপস্থিত থাকার কথা রয়েছে। ১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
দর্শকদের জন্য টুর্নামেন্টের ম্যাচ দেখতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। পাশাপাশি শিশু-কিশোরদের টেনিসের প্রতি আগ্রহী করে তুলতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা এবারের আসরে অংশ নেবেন।
বালকদের মধ্যে বাংলাদেশের শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিংকন পাটাচারফুল। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে সর্বোচ্চ র্যাংকিংয়ে রয়েছেন ভারতের শেখ শাহজা, তার আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২ হাজার ৪৫।
টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে ৪ জন করে কোয়ালিফাইং রাউন্ড এবং ৪ জন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে সুযোগ পাবেন। রাজশাহীর পাঁচজন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী সরাসরি মেইন ড্রয়ে খেলবেন। বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে থাকবে ১৬টি করে ড্র।
আয়োজকরা মনে করছেন, এ আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার আরও বাড়বে। একই সঙ্গে দেশি-বিদেশি তরুণ খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
টুর্নামেন্টের রেফারির হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে তিনি আনন্দিত। এটি তার পঞ্চম টুর্নামেন্ট হওয়ায় আয়োজনটি তার জন্য বিশেষ বলেও উল্লেখ করেন তিনি।
জয় মুখার্জী বলেন, আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। তার প্রত্যাশা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই আয়োজন ভালো অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।
এ জাতীয় আরো খবর..