আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের পুলিশ বাহিনীতে দৃশ্যমান ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের আস্থার প্রতীক হিসেবে পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়রের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত দিনে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে বাহিনীকে পুরোপুরি জনকল্যাণমুখী ও নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। পুলিশের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে নানামুখী সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান, অপরাধ দমন এবং মানবাধিকার সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতিটি স্তরে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।