ইব্রাহীম আশেকী (রনি), রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মানবসেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সনাতনী সেবা পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সবুজ নন্দীকে সভাপতি ও বিমল দাসকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা পৌর এলাকার ঐতিহাসিক বটতলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘যে ধর্মের কথাই বলা হোক না কেন, প্রত্যেকটি ধর্মের মূল কথা ও আদর্শ হলো মানবিকতা, মানবসেবা এবং সুন্দরভাবে বেঁচে থাকা। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, কারও ক্ষতি না করা, মা-বাবার সেবা করা এবং ভাই-বোনদের দেখাশোনা করাও ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা।’
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফায়জুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন আলতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু এবং পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল।
এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রতন চক্রবর্তীকে আহ্বায়ক ও নিরঞ্জন কুমার দাসকে সদস্য সচিব করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দেব্রত বিশ্বাস।
বক্তারা বলেন, ‘সনাতনী সেবা পরিষদ’ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতে আর্তমানবতার সেবায় কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ জাতীয় আরো খবর..