সৈয়দ মাহমুদ, কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন তানজিল পারভেজ। একই সঙ্গে বিদায় জানানো হয়েছে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে। বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা আনিছুর হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। তাঁরা তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
পরে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবাগত ইউএনও তানজিল পারভেজকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় নবাগত ইউএনও তানজিল পারভেজ ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।