শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম নৃশংস ও কলঙ্কজনক অধ্যায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় বড় ধরনের আইনি রায় এসেছে। ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত ১৫ জন আসামিকে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। আসামিদের অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ওপর ভিত্তি করে প্রত্যেককে ২০০ থেকে ২৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের গির্জা ও বিলাসবহুল হোটেলে সমন্বিত আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় বিদেশিসহ অন্তত ২৬৯ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আইনজীবীরা জানিয়েছেন, শ্রীলঙ্কার ইতিহাসে এত দীর্ঘ মেয়াদের কারাদণ্ডের রায় অত্যন্ত বিরল। এই রায়ের মধ্য দিয়ে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বহু বছর পর হলেও আংশিক ন্যায়বিচার পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধে এটি একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে।