সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪,৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচিত সকল প্রার্থী আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি যোগদানপত্র জমা দেবেন। পরবর্তীতে আগামী ৪ অক্টোবর তাদেরকে নিজ নিজ নির্ধারিত বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়ন প্রক্রিয়া শেষ হলে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বুনিয়াদি প্রশিক্ষণে পাঠানো হবে।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য ৩টি জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮ লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় ৬৯,২৬৫ জন উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি ১৪,৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পুলিশ ভেরিফিকেশন ও প্রয়োজনীয় সনদ যাচাই-বাছাই শেষে সম্প্রতি তাদের চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হয়।
এদিকে নতুন শিক্ষকদের পদায়ন সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার সুবিধার্থে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের চলমান অনলাইন বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, শূন্য পদের তালিকা অনুযায়ী নতুন শিক্ষকদের পদায়ন শেষে পুনরায় বদলি কার্যক্রম শুরু হবে।