×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১১৩ বার পঠিত
রেজাউল করিম, জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গড়খোলা বাজারে ‘বিবিএইচ (BBH)’ নামের একটি সন্দেহজনক অনলাইন বিনিয়োগ স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী জাহিদ কাওসার ওরফে শাহালমের বিরুদ্ধে। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে দরিদ্র ও অশিক্ষিত মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শাহালম তার প্রতিষ্ঠানের পরিচয় লন্ডনের বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা Bartle Bogle Hegarty (BBH)–এর অংশ হিসেবে তুলে ধরে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে আন্তর্জাতিক BBH–এর কোনো ধরনের সম্পর্ক নেই। এমনকি তার পরিচালিত BBHPP.COM ওয়েবসাইটেরও কোনো নিবন্ধন বা বৈধতার কাগজপত্র নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহালমের মাধ্যমে ইতোমধ্যে ৮০০-র বেশি বিবিএইচ একাউন্ট খোলা হয়েছে। প্রতিটি একাউন্টধারীকে বাধ্য করা হচ্ছে আরও ৩ থেকে ১৫ জন নতুন সদস্য আনতে—যা পনজি স্কিমের আদর্শ কৌশল।

কাকিলাকুড়ার যুবক রবিন মিয়া বলেন, “এটা কোনো ব্যবসা না, এটা এক ধরনের মাকড়সার জাল। একজনকে ধরলেই তার মাধ্যমে আরও ১০ জনকে ফাঁদে ফেলা হচ্ছে। নতুন লোক আনলেই নাকি লাভ বাড়বে—এইটাই আসল পনজি ফর্মুলা।”

রানীশিমুল এলাকার তরুণ ফারুক হোসেন বলেন, “প্রথমে ৩ জন আনতে বলা হয়, পরে আরও ১০–১৫ জন আনলে বেশি লাভ বলে প্রলোভন দেখানো হয়। যে যতজনকে আনতে পারে, শাহালম তত বেশি টাকা কামায়।”

এক স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, “৮০০-এর বেশি অ্যাকাউন্ট মানে ভয়াবহ ব্যাপার। এই গতিতে কয়েক মাসের মধ্যেই অর্ধেক উপজেলা এই প্রতারণার শিকার হবে।”

মাটিয়াকুড়ার জুবায়ের আহমেদ বলেন, “লাইসেন্স, অফিস—কিছুই নেই। শুধু ভুয়া ওয়েবসাইট আর স্বপ্ন দেখানোর গল্প। সবাই শেষ পর্যন্ত প্রতারিত হবে।”

অভিযুক্ত শাহালম দাবি করেন, “আমি সবাইকে লাভ করিয়ে দিচ্ছি। অনেকে সাবলম্বী হচ্ছে, তাই এর পরিধি বাড়ানো হচ্ছে।” তিনি জানান, ৩,০০০ টাকা জমা দিলে প্রতিদিন ১০০ টাকা মুনাফা পাওয়া যায়। ৮,000 থেকে ২৩,500 টাকার অ্যাকাউন্টেও নাকি বেশি লাভ পাওয়া যায়—কিন্তু এই মুনাফার উৎস কী, সে বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

স্থানীয় যুব সমাজ বলছে, এটি সরাসরি পনজি স্কিম—নতুন সদস্যের টাকা দিয়ে পুরোনো সদস্যকে লাভ দেখানো হচ্ছে। নতুন লোক যুক্ত হওয়া কমে গেলে যেকোনো সময় পুরো স্কিম ধসে পড়বে।

এদিকে নিজেও শাহালম স্বীকার করেছেন, “এ ধরনের কোম্পানি বেশিদিন টেকে না। প্রথম দিকে লাভ দেয়, পরে ভেঙে যায়।” তার এই বক্তব্য প্রতারণার বিষয়টিকে আরও স্পষ্ট করেছে।

পনজি স্কিম সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন—এ ধরনের প্রতারণায় কোনো বাস্তব ব্যবসা থাকে না। নতুন বিনিয়োগকারীর টাকা দিয়ে আগের জনকে লাভ দেখানো হয়। রিং আইডি, ই-অরেঞ্জ, ইভ্যালির মতো দেশের বহু প্রতিষ্ঠান এভাবে ধসে পড়েছে।

স্থানীয়দের আশঙ্কা, ‘বিবিএইচ’ বন্ধ না হলে এলাকায় বিশৃঙ্খলা বাড়বে এবং অসংখ্য পরিবার সর্বস্বান্ত হবে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, “এটা এক ধরনের বাটপারি ছাড়া কিছুই নয়। প্রতারণার সঙ্গে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচনে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। এটি সম্পূর্ণ অবৈধ অনলাইন স্কিম। অনেকেই প্রলোভনে পড়ে এতে যুক্ত হচ্ছে। অভিযোগকারীদের ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেব।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat