সংসদ প্রতিবেদক | ঢাকা
বিগত ১৫ বছরে (২০১১-২০১২ থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত) সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে মোট ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বিগত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে তা জানতে চান। পাশাপাশি উপজেলা অনুযায়ী ভূমিহীনদের নাম-ঠিকানা এবং কী শর্তে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সে বিষয়েও তথ্য চান তিনি।
জবাবে ভূমিমন্ত্রী জানান যে, কৃষি খাসজমি বন্দোবস্তের এই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যগুলো মূলত জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত থাকে। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী দেশের জেলা প্রশাসকরা এই জমি বন্দোবস্তের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে থাকেন।