নিজস্ব প্রতিবেদক:
মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের জন্য যারা আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দুষ্কৃতিকারীরা যদি ভাবে তাদের ভিডিও রেকর্ড বা ফুটেজ আমাদের কাছে নেই, তবে তারা ভুল করবে। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ হোক কিংবা কাল, প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’’
এ সময় গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছুসংখ্যক দুষ্কৃতিকারী ও সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’’
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার ও ফ্যাসিবাদী আচরণ। এগুলো করার মাধ্যমে তারা প্রমাণ করছে যে এই বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।’’
যুক্তরাজ্যে নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার নিন্দা:
যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘‘তাঁর ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের দূতাবাস এবং সে দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’’