মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, সার-জ্বালানি সংকট সৃষ্টি আর আগুন সন্ত্রাস করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেশের জনগণ স্বৈরাচার পলাতক দলের পক্ষে নেই। যারা দেশ ও জাতিকে ভালোবাসে না, তারা দলের নেতা-কর্মীদের কথাও চিন্তা করে না। পলাতক হাসিনা নিজের নিরাপদ আশ্রয় খুঁজতে দেশ থেকে পালিয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন নিয়ে কাজ করছেন। বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শুধু মেগা প্রকল্প করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দিয়েছে। সার, পাটকলসহ বিভিন্ন কলকারখানা বন্ধ করে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছে। দেশের কৃষি নষ্ট করে কৃষকদের ধ্বংস করে দিয়েছে।
এমপি বলেন, পলাতক হাসিনার দলের নেতা-কর্মীদের দেশে থেকে শান্ত পরিবেশে জীবনযাপনে বিএনপির কোনো বাধা ছিল না। কিন্তু হাসিনার আগমনের ভুয়া বার্তার মাধ্যমে দেশে নতুন করে অশান্তি তৈরি করা হয়েছে। এই সরকার অপ-রাজনীতি বরদাশত করবে না।
বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
সভায় মাদক নির্মূল, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, সড়ক উন্নয়ন, পৌরসভার সেবার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরামর্শ দেন এমপি। এ সময় নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. ওবায়দুল ইসলাম রবি ও সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার আমির আবুল কালাম আজাদ এবং চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সালেক আদিল বলেন, বর্তমানে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায়ও আগুন সন্ত্রাস শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। গত রাতে বাঘা উপজেলার আড়ানী এলাকায় রেললাইনে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করা হয়। এছাড়া বাঘায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে ধ্বংস করার চেষ্টা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জেলার বিভিন্ন উপজেলায় তারা জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
পরিশেষে এমপি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও বিরোধী দলের নেতাদের সতর্ক অবস্থানে থেকে সাধারণ জনগণের নিরাপত্তায় কাজ করতে হবে। এ সময় তিনি নিজেও চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ জাতীয় আরো খবর..