সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি থানা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে জলে পড়ে ৬ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (১৮ নভেম্বর ) গভীর রাতে দ্রুত গতির গাড়ি প্রচন্ড বেগে বিদি সেতুর রেলিং ভেঙে জলে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয় ৬ জন যাত্রী। ১ জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে খবর, নদীতে গাড়ি পড়ে যাওয়ার আওয়াজ ও আরোহীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে যান। গাড়ি সমেত ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।
গাড়ির মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে দ্রুত আরারিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পরীক্ষা করার পর চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিরা হলেন, গাড়ি চালক কুন্দন কুমার (২৬), যশকুমার (১৫), আদিত্য আনন্দ (১৮), আরিয়ান(১৫), সৌরভ (১৬) ও মুন্না কুমার (১৪)। তাঁরা সকলেই সুপৌল জেলার পিপড়া ব্লকের থুমহা গ্রামের বাসিন্দা।
আরারিয়ার সিক্তির ভাপটিয়া গ্রামে একটি বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান সেরে স্করপিও গাড়িতে বাড়ি ফিরছিলেন কনের পরিবারের লোকজন। বিদি ব্রিজের মোড় ঘোরার সময় স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মারিয়া নদীতে পড়ে যায়। থুমহা গ্রামে দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে।
তারাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, গতিবেগ বেশি থাকার কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও নদীতে গাড়ি পড়ে যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন পুলিশ।
এ জাতীয় আরো খবর..