মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬
নভেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের
উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের
অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি বগুড়া-নগরবাড়ী
মহাসড়ক, বিসিক বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায়
অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে এসে শেষ হয়।
পরে সেখানে
আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা
আক্তার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হৃদয় সরকার, সিনিয়র সহ-সভাপতি
সমুদ্রসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা
বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার কোনো স্থান নেই। একটি বিশ্ববিদ্যালয়
হবে জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার নিরাপদ স্থান। সেখানে
কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারত্ব কিংবা বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না।
তারা আরও
বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ
বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে
সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।