মো: শাহরিয়ার, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শীতের কুয়াশায় মোড়ানো সকাল। চারদিকে সাদা ধোঁয়াশার আবরণ, তারই বুক চিরে মাঠজুড়ে ফুটেছে হলুদ সরিষা ফুল। সবুজ পাতার ওপর শিশিরবিন্দু আর দিগন্তজোড়া হলুদের সমারোহে বদলে গেছে গ্রামীণ জনপদের চিত্র। দূর থেকে মনে হয়, কুয়াশার সাদা ক্যানভাসে কেউ যেন এঁকে দিয়েছে হলুদের অপরূপ ছবি। এমন মনোমুগ্ধকর দৃশ্যে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি কৃষকের মনেও জেগেছে সোনালি ফসলের স্বপ্ন।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় চলতি ২০২৬-২৭ রবি মৌসুমে সরিষা চাষে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে জমিতে সরিষার আবাদ হচ্ছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন মাঠে এখন সরিষার ফুলের হলুদ আভা। কোথাও বিস্তীর্ণ জমিজুড়ে ফুলের সমারোহ, কোথাও আবার সবুজ গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে নতুন ফুল।
সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি বিভাগ। এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার ডিএপি ও এমওপি দেওয়া হয়েছে। কৃষি বিভাগের এ সহায়তায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ আরও বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, চলতি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক উপকারভোগী কৃষককে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি।
কৃষকরাও এবার ফলন নিয়ে আশাবাদী। তাঁদের ভাষ্য, এ বছর শীত তুলনামূলক কম হওয়ায় সরিষার গাছের বৃদ্ধি ভালো হয়েছে। গাছগুলো বেশ সতেজ রয়েছে এবং ফুলও এসেছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন ঘরে তোলা সম্ভব হবে বলে প্রত্যাশা তাঁদের।
প্রকৃতির বুকে ছড়িয়ে পড়া সরিষার হলুদ সৌন্দর্য এখন শুধু চোখ জুড়াচ্ছে না, কৃষকের মনে বুনছে অর্থনৈতিক সম্ভাবনার স্বপ্নও। মাঠের এই হলুদ আভা শেষ পর্যন্ত সোনালি ফসলে রূপ নেবে—এমন প্রত্যাশায় দিন গুনছেন চর রাজিবপুরের কৃষকরা।
এ জাতীয় আরো খবর..