নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
সেমিনারে প্রকৌশলী ও পৌর প্রশাসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ছাড় করা হয়েছে। তা সত্ত্বেও অধিকাংশ পৌরসভায় এখনও সোলার প্যানেল স্থাপন না হওয়া দুঃখজনক।
তিনি দ্রুত সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, এই সোলার বিদ্যুৎ দিয়ে আগে নিজ নিজ পৌর ভবনের নিজস্ব চাহিদা মেটাতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
সৌর বিদ্যুতের পাশাপাশি পৌরসভাগুলোর সার্বিক সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন:
খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনা: শহরের পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত খাল খনন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
ভোগান্তিমুক্ত সেবা: নাগরিকরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া সব ধরনের পৌর সেবা পান, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
সেমিনারের শুরুতেই প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।