শিল্প ও বাণিজ্য প্রতিবেদক:
দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এই আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী:
গ্রেড-১: ৪৮,০০০ টাকা
গ্রেড-২: ৪৩,০০০ টাকা
গ্রেড-৩: ৩৮,০০০ টাকা
গ্রেড-৪ (সর্বনিম্ন): ৩২,০০০ টাকা
শিক্ষানবিস শ্রমিক: ৩০,০০০ টাকা
অন্যদিকে, আজকের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা না দিয়ে সময় প্রার্থনা করে। বোর্ডের পক্ষ থেকে মালিকপক্ষকে তাদের প্রস্তাবিত কাঠামো জমা দেওয়ার জন্য চার কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, মজুরি-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। এছাড়া বাস্তব পরিস্থিতি ও শ্রমিকদের জীবনযাত্রার মান যাচাই করতে চলতি সপ্তাহেই বিভিন্ন পোশাক কারখানা সরেজমিনে পরিদর্শন করবে বোর্ড।
উল্লেখ্য, পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের দাবির প্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে নির্ধারণ করা হয়েছিল। সবপ্রক্রিয়া শেষে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে জানুয়ারিতে নতুন স্কেলে বেতন পাবেন তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিক।