সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমে বিশ্বাসী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। জনগণের স্বার্থ ও দেশের মর্যাদাকে সমুন্নত রেখে দেশ পরিচালনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ঋণের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের সহযোগিতায় দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা করেন।
সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা সহায়তা অনেকের কাছে সামান্য মনে হলেও অসচ্ছল পরিবারের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নিয়মিত আয় নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই কিংবা সংসারে খাবারের সংকট রয়েছে, তাদের জন্য এই সহায়তা বড় ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফোটানো সম্ভব হলে দেশের প্রতিটি পরিবার উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের প্রতি ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। হৃদয়ের আন্তরিকতা, সততা ও দেশপ্রেম নিয়ে মানুষের কল্যাণে কাজ করলেই তাদের ভালোবাসা অর্জন করা সম্ভব।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..