মনির হোসেন, স্টাফ রিপোর্টার:
নেত্রকোনায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। ফলে প্রতিষ্ঠানগুলোতে পাসের হার শূন্য। একইসঙ্গে জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।
শনিবার (৩১ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এবার নেত্রকোনা জেলার ১০ উপজেলা থেকে ১৩ হাজার ৯১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন। পাসের হার ৪৩.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন। অর্থাৎ ৮ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো-
গোপালপুর মডেল কলেজ, কেন্দুয়া ১ জন,
কলমাকান্দা মহিলা কলেজ, কলমাকান্দা ৩ জন,
খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, পূর্বধলা ৪ জন,এম্বিশন মডেল কলেজ ৬ জন,জোবায়দা জহুর উদ্দিন সরকারি মহিলা কলেজ ১৬ জন।
সবচেয়ে বেশি ১৬ জন পরীক্ষার্থী নিয়ে শূন্য পাস করেছে জোবায়দা জহুর উদ্দিন সরকারি মহিলা কলেজ।
এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছেন তা অনুসন্ধান করে শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শুধু ফল প্রকাশ না করে প্রতিষ্ঠানগুলোর ক্লাসে উপস্থিতি, শিক্ষক সংকট, পাঠদানের মান এবং গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করে কারণ খুঁজে বের করা জরুরি।
এ জাতীয় আরো খবর..