ফাহিম উদ্দিন, পানছড়ি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পানছড়ির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীপংকর চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, যুবসমাজ দেশের প্রাণশক্তি। দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী যুবসমাজই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে, যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে, এসব সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর..