মনির হোসেন, স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার মদনে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা।
আটককৃত আসামী উপজেলার মদন গুচ্ছগ্রামের মল্লিক মিয়ার ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাজিতপুর উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাজিতপুর উত্তরপাড়া এলাকায় কয়েকজন মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে ১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত কালো রঙের প্যান্টের পেছন থেকে কালো পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ডিজিটাল মেশিনে মেপে জব্দ তালিকা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়েল মিয়া জানায়, পলাতক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪০) ও বাবুল মিয়া (৪৫) সহ তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ঘটনায় এসআই মো. আখতারুজ্জামান বাদী হয়ে আটক জুয়েল মিয়াকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় এবং পলাতক ২ জনকে সহযোগী আসামি করে একই আইনের ৪১ ধারায় মদন থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন জানান, গতকাল বিকালে গাঁজাসহ আটক ব্যক্তিকে আজ আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..