সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর রাজৈরে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে মেরজন শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রামে মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ। এ সময় কৌশলে ঘরে প্রবেশ করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মেরজন।
শনিবার সকালে টেকেরহাট বন্দরে হাসিবুলকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন মেরজন। এ সময় দৌড়ানোর একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন হাসিবুলকে আটক করে রশি দিয়ে বেঁধে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রামের মিলন শেখের ছেলে। অভিযুক্ত হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে মেরজন শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..