নওরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের চাষাঢ়ার পুরোনো শহীদ জিয়া হল এবার নতুন অবকাঠামোয় ফিরছে। জরাজীর্ণ ভবনটি ভেঙে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ১১ তলা আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স।
সোমবার চাষাঢ়ায় নতুন ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা কার্যক্রম শুরু হয়। নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, পুরো প্রকল্পের অর্থায়ন করবে জাইকা।এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা অনুযায়ী ভবনটির নিচের দুই তলায় থাকবে প্রায় ৫০০ গাড়ির পার্কিং সুবিধা। ওপরের অংশে থাকবে নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্র। অর্থাৎ পুরোনো হলটি শুধু একটি মিলনায়তন হিসেবে নয়, নারায়ণগঞ্জের সংস্কৃতিচর্চার একটি পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
চাষাঢ়ার এই স্থাপনাটির শিকড় অবশ্য আরও পুরোনো। নারায়ণগঞ্জে স্থায়ী টাউন হল নির্মাণের দাবি ওঠে ১৯৫৬ সালে। স্বাধীনতার পর ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সেই পরিকল্পনা নতুন গতি পায়। ১৯৭৮ সালের ১০ মার্চ চাষাঢ়ার বালুর মাঠে ‘টাউন হল’ নামে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৮১ সালের ১৯ জুলাই ভবনটি ‘শহীদ জিয়া হল’ নামে উদ্বোধন করা হয়।
দীর্ঘ সময় পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় থাকা সেই পুরোনো স্থাপনার জায়গাতেই এবার তৈরি হচ্ছে আধুনিক ১১ তলা কমপ্লেক্স। মাটি পরীক্ষা দিয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষ পর্যন্ত বাস্তব নির্মাণে রূপ নিলে চাষাঢ়ার পুরোনো একটি পরিচিত স্থাপনা নতুন অবকাঠামো ও নতুন ব্যবহারে ফিরে আসবে।
এ জাতীয় আরো খবর..