ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, দ্বিচারিতা, পেশীশক্তি ও কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলে জরুরি প্রেস ব্রিফিং করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাকে আড়াল থেকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। নিক্সন চৌধুরীর এমপি থাকাকালীন অর্জিত অবৈধ কালো টাকা দিয়ে নির্বাচন প্রভাবিত করার পাশাপাশি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্য দিয়ে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে জড়িত বলেও দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে শহিদুল ইসলাম বাবুল আরও অভিযোগ করেন, মুজাহিদ বেগ সাবেক এমপি নিক্সন চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী বাশার, লিয়ন ও নজরুল নিয়মিতভাবে মুজাহিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী মুজাহিদের কোনো নেতাকর্মীর গায়ে একটি আঁচড়ও দেয়নি। অথচ বিষয়টি নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাইদসহ ফরিদপুর জেলা এবং ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।