নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় হাইকমিশনের অধীন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) থেকে চট্টগ্রামের আইভ্যাকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনার পর ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইভিএসি-এর ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়। কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চট্টগ্রামের আইভ্যাক বন্ধ থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা প্রত্যাশীর আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ভারতে যেতে আগ্রহী আবেদনকারীরা এতে ভোগান্তিতে পড়তে পারেন। তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট মহল।