সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে ডা. শফিকুর রহমান সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।
চিঠিতে বাংলাদেশ ও এ দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম এবং মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববীর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের মহান দায়িত্ব পালনের বিষয়টি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বিশ্বজুড়ে আগত হাজি ও ওমরাহ পালনকারীদের প্রতি সৌদি সরকারের নিরলস সেবা ও সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হয়।
চিঠিতে দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততার শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বিশেষ করে, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিক দুই দেশের বন্ধুত্বের মাঝে এক শক্তিশালী মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও গণ্যমান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।