খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজনৈতিক ব্যক্তিদের নানামুখী কর্মকাণ্ডে উস্কানির প্রভাব যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, অবুঝ ও অপরিণত বয়সের অনেক যুবক দুষ্টামি ও উস্কানির ফাঁদে পড়ে সাহসের সঙ্গে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে অপরাধপ্রবণতা। এর পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু অমানবিক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনা কাজ করছে বলে প্রতীয়মান হয়।
যাদের জীবন ভুলভ্রান্তিতে গড়ে উঠেছে, তাদের কর্মকাণ্ডেও ক্ষতিকর প্রবণতা বিদ্যমান। ক্ষতিকর কীটপতঙ্গ যেমন প্রতিনিয়ত ফসলের ক্ষতি করে, তেমনি ধ্বংসাত্মক কর্মকাণ্ড মানুষের জীবন ও সমাজব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে জীবন নামক জমির সম্ভাবনার ফসল বিনষ্ট হয়।
উদাহরণ ও ব্যাখ্যা এক বিষয় নয়। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন দিক তুলে ধরে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজে বের করা জাতির সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অন্যতম উপায়। একইভাবে, ভালো কাজের জন্য অনুপ্রেরণা ও কর্মস্পৃহা জাগ্রত করে জনগণকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
অহেতুক জীবনের মূল্যবান সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্ত কল্যাণকর কাজে আত্মনিয়োগ করা শ্রেষ্ঠত্বের পরিচায়ক। এর মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। বিপরীতে, ব্যক্তিত্বহীন মানুষের কর্মকাণ্ডে অজ্ঞতা ও অপরিণামদর্শিতার প্রকাশ ঘটে। ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পিত কর্মসূচি শুধু ব্যক্তির জীবনই বিনষ্ট করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো
সমাজব্যবস্থা তথা রাষ্ট্রের ওপর। যার খেসারত শেষ পর্যন্ত সমগ্র জাতিকে দিতে হয়।
রাজনৈতিক ব্যক্তিদের অজ্ঞতা ও অপরিণামদর্শিতা অনেক সময় তাদের কর্মপরিকল্পনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। বিবেকবোধ ও গণতান্ত্রিক চেতনা যেন অনেকের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছে। বুদ্ধিজীবী ও
সচেতন মহলের একটি অংশও নানা পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আছে। বহুমুখী কর্মদক্ষতাসম্পন্ন অনেক মানুষ কর্মহীন অবস্থায় জীবিকা নির্বাহের সংগ্রামে ঘুরে বেড়াচ্ছেন।
খালি পকেটে দায়িত্বের বোঝা নিয়ে সংসার নামক বাস্তবতা মানুষকে আসামির মতো আঁকড়ে ধরেছে। তবুও নীরবে জীবন নামক কাঠগড়ায় দাঁড়িয়ে মুক্তির প্রত্যাশায় আহাজারি করতে হচ্ছে। এই মুক্তি শুধু ব্যক্তির একার নয়; বরং পরিবারের সব সদস্যের এবং বৃহত্তর সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কল্যাণের সঙ্গে জড়িত। আর সেই মুক্তির পথ হতে হবে গণতান্ত্রিক ও মানবিক।
উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের তথ্য অনুসন্ধানী সেচ্ছাসেবকেরা জানান,সমাজের কিছু ভবঘুরে ও কর্মহীন মানুষ প্রতিনিয়ত উস্কানি এবং দুষ্টামির ইন্ধন খুঁজে বেড়ায়। কোথায়, কীভাবে উস্কানি দিলে তাদের অলস জীবনে সাময়িক কর্মচাঞ্চল্য তৈরি হবে এবং দুষ্টামির মাধ্যমে স্বার্থ হাসিল করা যাবে, এমন চিন্তায় তারা ব্যস্ত থাকে। এ ধরনের মানুষকে অপরাধ ও উস্কানির পথ থেকে ফিরিয়ে এনে সুশৃঙ্খল জীবনে প্রতিষ্ঠিত করার দায়িত্বও সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে।
যেহেতু অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও প্রভাবের মধ্য দিয়েই এসব ব্যক্তির জীবন পরিচালিত হয়, তাই রাজনৈতিক বুদ্ধিজীবী ও কলাকৌশলীদের নতুন চিন্তাভাবনা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের এমনভাবে সংশোধনের সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা উস্কানি দেওয়া থেকে বিরত থাকে এবং দুষ্টামি ও অপরাধপ্রবণতার নোংরা পথ ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসে।
প্রতিবেদক খন্দকার মোহাম্মাদ আলী জানান,প্রত্যেক মানুষের মধ্যে জীবনবোধ ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। নিজ নিজ উদ্যোগে কর্মসংস্থান ও কর্মসৃজনের সুযোগ তৈরি করা জরুরি। অলস মস্তিষ্কের নেতিবাচক চিন্তা ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বের করে এনে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।
এলাকার কিছু প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরা বলেন,বাস্তব সম্মত সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে কর্ম সৃষ্টি করতে হবে তবেই রাজনৈতিক ব্যক্তিদের হারানো সম্মান ও মর্যাদা ফিরে আসবে। রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রগামী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষ বিবেকসম্মত কর্মসৃজন ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বদরবারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে।
রাজনৈতিক পাঠশালায় এমন গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠিত হোক, যে শিক্ষা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে, কর্মসংস্থানের পথ সৃষ্টি করবে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। এমনটাই প্রত্যাশা দেশের কোটি কোটি মানুষের।
এ জাতীয় আরো খবর..