প্রবাসী কল্যাণ ও জাতীয় ডেস্ক:
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আরও স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে ফরেন ওয়ার্কার্স মেডিকেল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ফি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ: মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ বা 'মাইগ্রাম' নামে কোনো টাকা আদায় করা যাবে না।
স্লিপ ইস্যু ও ভুয়া রিপোর্ট রোধ: ডিমান্ড লেটারে উল্লিখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে অনুপযুক্ত দেখিয়ে একাধিকবার পরীক্ষা করানো বা কোনো ধরনের ভুয়া মেডিকেল প্রতিবেদন তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অনুপযুক্ত হলে ব্যয় বহন: বাংলাদেশে উপযুক্ত ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত সেখানে মেডিকেল পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে, দেশে ফেরত পাঠানোসহ তার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।
অনলাইন রিপোর্ট ও মান নিয়ন্ত্রণ: প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত তথ্য অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি সেন্টারে আন্তর্জাতিক মানসম্মত আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং প্রবেশপথের সামনে দৃশ্যমান বড় বিলবোর্ড স্থাপন করতে হবে।
তদারকি ও কঠোর শাস্তি: নির্দেশনাগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়ের শক্তিশালী পর্যবেক্ষক দল কাজ করবে। শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।