লালমনিরহাট প্রতিনিধি:
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার রক্ষায় এবং চলমান নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
খাল খনন ও কর্মসংস্থান: আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খনন শেষে পাড়ের অংশ তরুণদের মাঝে বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।
ফ্যামিলি ও কৃষক কার্ড: আগামী মাস থেকে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের নারীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দেন তিনি।
ধর্মীয় ব্যক্তিত্ব ও শিক্ষা খাত: চলতি বছর দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিত্বদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগামী এক-দুই মাসের মধ্যে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান এবং ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।
উত্তরাঞ্চলে গ্যাসলাইন ও জনশক্তি রপ্তানি: উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নিয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া গত কয়েক মাসে ৫ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কম খরচে আরও কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।