মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন জেলে-বাওয়ালিরা। সরকারি পাস নিয়ে বনে প্রবেশ করেও রেহাই মিলছে না চাঁদাবাজদের হাত থেকে। বনে যাওয়ার আগেই নির্দিষ্ট দস্যু বাহিনীকে দিতে হচ্ছে চাঁদা। কোথাও আবার ১০ টাকার নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বর সংগ্রহ করে রাখতে হচ্ছে। দাবি করা টাকা কিংবা নির্ধারিত সিরিয়ালের নোট দিতে ব্যর্থ হলেই অপহরণ, আটকে রেখে নির্যাতন এবং ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। একাধিক দস্যু বাহিনীর ধারাবাহিক চাঁদাবাজিতে ঋণের জালে আটকে পড়ছেন উপকূলের বনজীবীরা। জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবন এখন তাঁদের কাছে আতঙ্কের নাম।
বনদস্যুদের এমন দৌরাত্ম্যে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়াই দায় হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক জেলে বনে যাওয়া বন্ধ করে দিয়েছেন। যাঁরা যাচ্ছেন, তাঁদের প্রতিনিয়ত অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরসহ সুন্দরবনসংলগ্ন এলাকার বনজীবী ও স্থানীয় বাসিন্দারা।
জেলে-বাওয়ালিদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশের আগেই দস্যু বাহিনীর নির্ধারিত চাঁদা পরিশোধ করতে হয়। কোনো কোনো বাহিনী ১০ টাকার নোটের সিরিয়াল নম্বর পাঠিয়ে দেয়। নির্দিষ্ট নম্বরের নোট সঙ্গে না থাকলে কিংবা চাঁদা দিতে না পারলে বনে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। এক বাহিনীকে টাকা দেওয়ার পর অন্য বাহিনীর কাছেও চাঁদা দিতে হয়। ফলে সরকারি অনুমতি নিয়েও নিজেদের উপার্জনের জন্য বনজীবীদের গুনতে হচ্ছে দস্যুদের নির্ধারিত অর্থ।
নীলডুমুর গ্রামের জেলে ও বাওয়ালি মোহাম্মদ আবু হাসান বলেন, সুন্দরবনে যাওয়ার আগে বনদস্যুরা তাঁদের আটকে ৫০ হাজার টাকা আদায় করেছে। এই টাকা জোগাড় করতে গিয়ে ঋণ করতে হয়েছে। দস্যুদের নির্মূল করা না গেলে তাঁদের জীবন-জীবিকা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
জেলে মোহাম্মদ আল আমিন ইসলামের অভিযোগ, বনদস্যুরা ১০ টাকার নোটের সিরিয়াল নম্বর পাঠিয়ে দেয়। সেই নম্বরের নোট না থাকলে আটকে রেখে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করে। এভাবে চলতে থাকলে সংসার চালানোই অসম্ভব হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা মন্টু গাজী বলেন, সুন্দরবনে একাধিক দস্যু বাহিনীর তৎপরতায় জেলেরা জিম্মি হয়ে পড়েছেন। এক বাহিনীকে চাঁদা দিয়ে বনে ঢুকলেও অন্য বাহিনীর চাঁদাবাজির শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে অনেকেই বনে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
বনদস্যুদের হাতে অপহরণের শিকার জেলে আব্দুল রশিদের অভিজ্ঞতা আরও ভয়াবহ। তিনি জানান, তাঁকে প্রায় এক সপ্তাহ সুন্দরবনে আটকে রাখা হয়েছিল। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এরপর থেকে আর বনে যাওয়ার সাহস করেননি। ঋণ করে এখন কোনোমতে দিন কাটছে তাঁর।
স্থানীয় বনজীবী মোহাম্মদ রাকিবুল ইসলাম বিপন বলেন, একদিকে অপহরণ ও মুক্তিপণের চাপ, অন্যদিকে ঋণের বোঝা—সব মিলিয়ে বনজীবী পরিবারগুলো চরম দুর্দশায় পড়েছে। আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে সুন্দরবনে সক্রিয় হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণের হাত থেকে রেহাই পেতে গত ৯-১০ দিন ধরে আন্দোলন করছেন স্থানীয় বনজীবীরা। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন লিটন বলেন, দস্যুদের কাছ থেকে স্লিপ বা কার্ড সংগ্রহ না করে এখন জেলে-বাওয়ালিদের পক্ষে সুন্দরবনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি পাস থাকার পরও আলাদাভাবে চাঁদা দিতে হচ্ছে। টাকা না দিলেই অপহরণ, নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। আন্দোলন শুরুর পর বনজীবীদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, বনদস্যুদের উপদ্রবের কারণে জেলে-বাওয়ালিদের আন্দোলনের বিষয়টি বন বিভাগের নজরে এসেছে। বন বিভাগও সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চায়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সুন্দরবনে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী সুন্দরবন এলাকায় বনদস্যুদের তৎপরতা রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
তবে বন বিভাগের টহল ও বিজিবির অভিযানের মধ্যেও বনজীবীদের ওপর চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ থামছে না। সরকারি পাস নিয়েও যদি জেলেদের দস্যুদের কাছে চাঁদা দিয়ে বনে যেতে হয়, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে—এ প্রশ্ন এখন উপকূলজুড়ে। বনজীবীদের দাবি, শুধু টহল নয়, সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলোকে চিহ্নিত করে তাদের আস্তানা ও চাঁদাবাজির নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে।
এ জাতীয় আরো খবর..